কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শোক
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

কাতারের আধুনিক রূপকার ও সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১২ জুলাই) এক শোক বার্তায় তিনি এ শোক জানান।

শোকবার্তায় যা বলেছেন ডা. শফিকুর রহমান

জামায়াত আমির বলেন, 'শেখ হামাদ বিন খলিফা আল থানি ১২ জুলাই ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।'

তিনি আরও বলেন, 'শেখ হামাদ বিন খলিফা আল থানি ছিলেন মুসলিম উম্মাহর এক দূরদর্শী ও বলিষ্ঠ নেতা। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালনকালে তার গতিশীল নেতৃত্বে কাতার শিক্ষা, অর্থনীতি, জ্বালানি খাত ও আন্তর্জাতিক কূটনীতিতে এক অনন্য উচ্চতায় পৌঁছায়। বিশেষ করে ২০১৩ সালে তার ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তিনি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ-কাতার সম্পর্কে অবদান

ডা. শফিকুর রহমান আরও বলেন, 'তার ইন্তেকালে বিশ্ববাসী এবং বিশেষ করে মুসলিম উম্মাহ একজন প্রজ্ঞাবান ও দরদী অভিভাবককে হারাল। বাংলাদেশ ও কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং এ দেশে কর্মসংস্থান সৃষ্টিতে তার অবদান অনস্বীকার্য। আমরা বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাতারের রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম কাতারবাসীর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।'

একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত রাজপরিবার ও কাতারের জনগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ