স্কুলছাত্র গুলি খাবে, তবু ওসি থাকবেন? এমপির প্রশ্ন
স্কুলছাত্র গুলি খাবে, তবু ওসি থাকবেন? এমপির প্রশ্ন

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম (১২) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে আহত শিক্ষার্থীর মায়ের সঙ্গে দেখা করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এ সময় উপস্থিত কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ারকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আমরা সবাই তাদের (মাদককারবারিদের) কাছে স্যারেন্ডার করে চলে যাই। আর না হয় কিছু একটা করেন বিজয়পুর যা হয়েছে। না হয় চলেন মানুষের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা ছাইড়া দেই। মাদককারবারি থাকবে, একজন স্কুলছাত্র স্কুলে যেতে পারবে না, তারপর আপনি ওসি থাকবেন, আমি এমপি থাকব, এটা ঠিক না। কি জবাব দিবেন এই পরিবারের কাছে।'

মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস

মনিরুল হক চৌধুরী বলেন, 'মাদককারবারীদের ধরতে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলা হবে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আমি ডিআইজি এবং কুমিল্লার এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি। আমি রাতের মধ্যেই ফলাফল দেখতে চাই।' তিনি আহত শিক্ষার্থীর মা সোনিয়া আক্তারের সঙ্গে কথা বলে তার খোঁজখবর নেন এবং ঢাকা মেডিকেল কলেজে যোগাযোগ করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।

আহত শিক্ষার্থীর মায়ের বক্তব্য

আহত ইথান আহমেদের মা সোনিয়া আক্তার বলেন, 'অপু এবং সাব্বির দুই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই মারামারি চলছিল। আজকে আমি আমার ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম। টিফিন দেওয়ার পর বাড়ি আসার সময় আমার ছেলের পিঠে গুলি লাগে। আমার একটি মাত্র ছেলে। আমার ছেলের কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচিতে হামলা ও গুলির ঘটনায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেমসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ইথান কাটাবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং নগরীর কাটাবিল এলাকার বাসিন্দা মো ইউনুস মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে সে ঢাকায় চিকিৎসাধীন।