কুড়িগ্রামে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার
কুড়িগ্রামে আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) ভোরে তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোখলেছুর ওই এলাকার মফিজুল হকের ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজের ওপর মোখলেছুর রহমানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জনগণের মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে এবং সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালায়।

পরে ওই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় পলাতক অজ্ঞাত আসামি হিসেবে মোখলেছুর রহমানকে গ্রেফতার দেখানো হয়। উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী আইনে পৃথক তিনটি মামলায় ইতিপূর্বে গ্রেফতার হলেও তিনি সব মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত আছেন। নতুন করে চতুর্থ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার বিকালে তাকে কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ