বেনজীরকে ট্রাইব্যুনালে হাজিরের ঘোষণা চিফ প্রসিকিউটরের
বেনজীরকে ট্রাইব্যুনালে হাজিরের ঘোষণা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সোমবার দুপুরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে বাংলাদেশে আনা হলে ট্রাইব্যুনালেও হাজির করা হবে।

বেনজীরের বিরুদ্ধে মামলা

চিফ প্রসিকিউটর বলেন, বেনজীরের বিরুদ্ধে বেশ কিছু মামলা তদন্তাধীন ও বিচারাধীন রয়েছে। এসব মামলায় তাঁকে আদালতে হাজির করা হবে। সম্প্রতি দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলা

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের মামলায় বেনজীর আহমেদ আসামি। ওই সময় তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে র‍্যাবের টিএফআই সেলে গুমের মামলায়ও তিনি আসামি। এ মামলায় ১৭ জন আসামির মধ্যে ১২ জন সেনা কর্মকর্তা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্ত ও বিচার প্রক্রিয়া

চিফ প্রসিকিউটর বলেন, বেনজীর শাপলা চত্বর হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব। তাঁর বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ। চট্টগ্রামের একরাম হত্যার সঙ্গেও তাঁর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আরও ৭ থেকে ১০টি মামলায় তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ট্রাইব্যুনালে সর্বোচ্চ কঠোর হস্তে তাঁর বিচার সম্পন্ন করা হবে।

বেনজীরের ভূমিকা

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বেনজীর শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড নন, তিনি একসময় দেশ চালাতেন। তাঁর দম্ভোক্তি ও বডি ল্যাঙ্গুয়েজ মিলিয়ে শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে প্রতিটি বিতর্কিত নির্বাচনে তাঁর ভূমিকা ছিল। দেশের গণতন্ত্র নস্যাৎ করতে নিরপরাধ মানুষ হত্যাসহ অসংখ্য দায় তাঁর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেপ্তারি পরোয়ানা ও এক্সট্রাডিশন

চিফ প্রসিকিউটর জানান, বেনজীরের বিরুদ্ধে জারি হওয়া তিনটি গ্রেপ্তারি পরোয়ানা সরকারের কাছে দিয়েছে প্রসিকিউশন। পুলিশের এনসিবির মাধ্যমে ইন্টারপোলে ওয়ারেন্টের কপি যাবে। সরকার ইতিমধ্যে বেনজীরকে ফেরত চেয়ে আবেদন করেছে। কূটনৈতিক চ্যানেলে প্রক্রিয়া শেষে এক মাস সময় লাগতে পারে। ইন্টারপোল বাংলাদেশের ওয়ারেন্টের প্রতি সম্মান দেখিয়ে বেনজীরকে গ্রেপ্তার করেছে। তিনি দুবাই পুলিশের হেফাজতে আছেন। চিফ প্রসিকিউটরের বিশ্বাস, বাংলাদেশ সরকারের আবেদনে সাড়া দিয়ে বেনজীরকে ফেরত দেওয়া হবে।