মাদারগঞ্জে যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
মাদারগঞ্জে যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দের অভিযোগ

জামালপুরের মাদারগঞ্জে আওয়ামী যুবলীগের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কীকে (৩৭) কর্মস্থল থেকে বের করে মারধরের পর পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মাদ্রাসায় গিয়ে ওবায়দুর রহমান পাক্কীকে তার কর্মস্থল থেকে টেনে-হিঁচড়ে বের করেন। পরে মাদ্রাসা ভবনের ভেতরে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে বিকেলে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পুলিশি নিশ্চিতকরণ

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া ওবায়দুর রহমান পাক্কী পৌর শহরের বালিজুড়ী পূর্বপাড়া এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। তিনি আওয়ামী যুবলীগের মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং বালিজুড়ী এস এম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার একজন কর্মচারী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ব ইতিহাস

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তার বিরুদ্ধে একটি মামলা থাকায় গত এপ্রিল মাসে তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং কারাভোগের পর জামিনে মুক্তি পান। প্রায় এক মাস আগে তিনি পুনরায় কর্মস্থলে যোগ দেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ