প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী
প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রেম করে বিয়ে করা এক তরুণী স্বামী ও তার পরিবারের নির্যাতনে প্রাণ হারিয়েছেন। মৃত্যুর পর হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে গেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকার সৈয়দ মোল্লার বাড়িতে।

নিহত খাদিজা আক্তার কাশফি

নিহত খাদিজা আক্তার কাশফি (১৯) স্থানীয় আবদুল জলিলের মেয়ে। তিনি তিন ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন। গত ডিসেম্বর মাসে পরিবারের অজান্তে প্রেম করে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকেই স্বামী মোহাম্মদ মারুফ (১৮) তাকে নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ।

হাসপাতালে লাশ ফেলে পালানো

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাশফিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী মারুফ। চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করার পরপরই লাশ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান মারুফ। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসকের বক্তব্য

চিকিৎসক ডা. উপমা চৌধুরী বলেন, নিহত ওই নারীর গলায় একটি মোটা দাগ রয়েছে। যা নির্যাতনের ইঙ্গিত দিচ্ছে।

বাবার অভিযোগ

নিহত খাদিজার বাবা আব্দুল জলিল বলেন, ডিসেম্বরে আমাদের পরিবারের কাউকে না জানিয়ে তারা পালিয়ে বিয়ে করে। আমার মেয়ের বয়সও কম। বিয়ের পর থেকেই ওর স্বামী খুব নির্যাতন করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে আমার মেয়ের সঙ্গে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঝগড়া করেছে বলে খবর পেয়েছি; কিন্তু এভাবে মেরে ফেলবে সেটা বুঝতে পারিনি।

পুলিশের কার্যক্রম

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, হাসপাতালে এক গৃহবধূর লাশ ফেলে স্বামী পালিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে নিয়ে যায়। নিহত গৃহবধূর গলায় দাগ রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ