চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) সকাল ৮টায় চাঁদপুর শহরের বড় স্টেশন উত্তর শ্রীরামদী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ।
গ্রেফতারের বিবরণ
পুলিশ জানায়, ফরিদা ইলিয়াস সন্ত্রাসবিরোধী মামলার আসামি। তাকে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে থানা পুলিশ গ্রেফতার করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন। মামলাটি থানায় সন্ত্রাসবিরোধী আইনে বাদী হয়ে করেন উপ-পরিদর্শক (এসআই) আল আমিন।
ফরিদা ইলিয়াসের পরিচিতি ও কার্যক্রম
ফরিদা ইলিয়াস চাঁদপুর শহরের রেলওয়ে বড় স্টেশন রেল শ্রমিক কলোনির মৃত আব্দুল গফুর শেখের মেয়ে। তার স্বামীর নাম ইলিয়াস হোসেন। তিনি ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী হিসেবে পরিচিত।
আত্মগোপন ও প্রকাশ্যে আসা
জানা যায়, ফরিদা ৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে ছিলেন। গত কয়েক মাস চাঁদপুরে প্রকাশ্যে আসেন তিনি। সেই সঙ্গে দলীয় বিভিন্ন কর্মকাণ্ডের নতুন-পুরনো ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন।
আদালতে সোপর্দ ও কারাগার
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



