বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) ঢাকাসহ সারাদেশে শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (১২ জুলাই) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
শোক দিবসের কর্মসূচি
রিজভী বলেন, মরহুম ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিনের কর্মসূচি ঘোষণা করছে। আগামীকাল সোমবার সারা দেশব্যাপী শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষে ঢাকাসহ সারাদেশের দলীয় কার্যালয়সমূহে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবেন।
জানাজার স্থান ও সময়
রিজভী জানান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম নামাজে জানাজা বাদ জোহর ধানমণ্ডির তাকওয়া মসজিদে এবং পরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল ৫টায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক জীবনের মূল্যায়ন
প্রয়াত নেতা জমির উদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে রুহুল কবির রিজভী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমাদের মাঝে আর নেই। তিনি আমাদের থেকে বহু দূরে চলে গেছেন। ছাত্রজীবনে ভাষা আন্দোলন থেকে শুরু করে এ দেশের অধিকারের আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলনসহ প্রতিটা আন্দোলনে তার অনন্য ভূমিকা ছিল। তিনি ছিলেন সমকালীন রাজনীতির এক জীবন্ত ইতিহাস। তার মহিমান্বিত অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে দেশ হারালো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে, দেশ হারালো একজন অভিভাবককে।
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান
এ সময় দূর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী। তিনি বলেন, চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল পানিতে ডুবে গেছে। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আমাদের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা
এ সময় সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারি, অধ্যাপক আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের নেতা ডা. জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



