গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা টাউনহল মাঠে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কুমিল্লার ৯ আসনে বিএনপির জয়
জাকারিয়া তাহের বলেন, বিগত নির্বাচনে কুমিল্লার ৯টি আসন বিএনপিকে উপহার দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন এদেশে যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, ততবার এদেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে তথা কুমিল্লার উন্নয়ন হয়েছে। সব সময়ই উন্নয়নের জোয়ার এসেছে। ইনশাআল্লাহ এবারও তার ব্যতিক্রম হবে না।
গণতন্ত্র পুনরুদ্ধার
তিনি বলেন, চব্বিশের জুলাই ছাত্র-জনতার আন্দোলনের ফলে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আজ মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করতে পারছি দীর্ঘ সময়ের পর। অনেক লড়াই-সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে, আমরা আজ এ অবস্থায় এসেছি।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন সরকার গঠনের পর প্রথম অধিবেশনেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাশ হয়েছে। এটা কুমিল্লার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বিশেষ করে কুমিল্লা-৬ সদর আসনের যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তিনি একজন স্বপ্নবাজ মানুষ। রাজনীতিতে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে এলাকার উন্নয়নে কাজ আদায় করতে হয় তা আমি উনার কাছ থেকে শিখেছি।
স্পোর্টস কমপ্লেক্স প্রকল্প
তিনি বলেন, প্রতিটি বিভাগে স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের জন্য বড় একটি প্রকল্প আসছে। কুমিল্লা এখনো বিভাগ হয়নি, তারপরও ইনশাআল্লাহ কুমিল্লায় স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের প্রকল্পটি আসছে।
মনিরুল হক চৌধুরীর বক্তব্য
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পায়নি। বিগত সরকারের সময় কুমিল্লা ছিলো বঞ্চিত। এখন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার এসেছে। এবার কুমিল্লা উন্নয়নের রোল মডেল হবে। কারণ বিএনপি সরকার দেশের উন্নয়নের সরকার।
সভায় অন্যান্য বক্তা
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমিরের সভাপতিত্বে নাগরিক সভায় উন্নয়ন প্রস্তাবনা পেশ করেন মনিরুল হক চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা বারের পিপি কাইমুল হক রিংকু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন হেনা, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুসহ জেলা মহানগরের নেতৃবৃন্দ।



