বেনজীর গ্রেপ্তারে সরকারের কৃতিত্ব নেই: শফিকুর রহমান
বেনজীর গ্রেপ্তারে সরকারের কৃতিত্ব নেই: শফিকুর

সিলেটে এক মতবিনিময় সভায় বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ রোববার রাতে সিলেট সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তার প্রসঙ্গে বলেন, বর্তমান সরকারের এতে কোনো কৃতিত্ব নেই।

বেনজীর প্রসঙ্গে শফিকুর

শফিকুর রহমান বলেন, 'বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তাঁর বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। এটা আগের সরকার করেছে। তবে বেনজীরের আটক বাংলাদেশের একটা অর্জন। কিন্তু বেনজীর দুবাইয়ের কারাগারে থাকবেন, নাকি দেশে আনা হবে, তা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।'

পুশ ইন ইস্যুতে আলোচনার দাবি

ভারতীয় নবনিযুক্ত রাষ্ট্রদূতের বক্তব্যের ব্যাখ্যা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা আবারও এই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছি। পুশ ইন নিয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন। কিন্তু এ বিষয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না। এমনকি বিষয়টি উত্থাপন না করার জন্য বিভিন্ন দিক থেকে আমার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে সংসদে কথা বলতে না দিলেও প্রয়োজনে জনতার সংসদে এসে কথা বলব।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপি এমপির বক্তব্যের সমালোচনা

বিরোধী দলের নারী সদস্যদের পোশাকের দিকে ইঙ্গিত করে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর একটি বক্তব্যের সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, 'সবকিছুর একটা সীমা থাকা দরকার। সংসদকে আর আমরা মমতাজের সংসদ বানাতে চাই না। এই সংসদটা হোক দেশপ্রেমিক নেতৃবৃন্দের সংসদ। আজ একজন (সংসদ সদস্য) দাঁড়াইলেন, উঠিয়া তিনি পর্দা সম্পর্কে তুচ্ছতাচ্ছিল্য করলেন। কমনসেন্স কোথায়?'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মধ্যমপন্থার ওপর জোর

বিরোধীদলীয় নেতা বলেন, 'সংসদে বিরোধী দল চরমপন্থা ও গরমপন্থা অবলম্বন করবে না, মধ্যমপন্থা অবলম্বন করবে। জনগণের রায় ব্যর্থ হলে টেকসই গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। এ ব্যাপারে সংসদে সমাধান না হলে রাজপথে লড়াই চলবে। তবে সরকার দায়িত্বশীল আচরণ করলে দেশ ভালো থাকবে।'

জুলাই অভ্যুত্থান ও নির্বাচন প্রসঙ্গ

শফিকুর রহমান বলেন, ভালো নির্বাচন হলেই ভালো শাসক হওয়ার প্রমাণ নেই। রক্তাক্ত জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় গিয়ে বর্তমান সরকার জুলাই সনদকে উপেক্ষা করেছে এবং প্রায় ৭০ শতাংশ মানুষের দেওয়া গণভোটের রায়কে বাতিল করেছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ছিল। তাই জাতীয় বৃহত্তর স্বার্থে ফলাফল মেনে নিয়েছিলেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলার আমির হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ ও মহানগর আহ্বায়ক আবদুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি এমরান আলম প্রমুখ।