যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাতিল না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাতিল না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাতিল না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল না করলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রবিবার (৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল ও নাবিস্কো মোড়ে অনুষ্ঠিত পথসভা থেকে এই সতর্কবার্তা উচ্চারণ করা হয়। দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মোহাম্মদপুর এবং তেজগাঁওয়ে পৃথক দু’টি পথসভা আয়োজিত হয়, যেখানে সিপিবির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।

মোহাম্মদপুরে পথসভায় নেতাদের বক্তব্য

মোহাম্মদপুর থানা সিপিবির আয়োজনে টাউন হলে পথসভায় সভাপতিত্ব করেন আহসান হাবিব লাবলু এবং সঞ্চালনা করেন মোহাম্মদপুর থানা সদস্য নাসির উদ্দিন। কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. আহমেদ সাজেদুল হক রুবেল সেখানে বলেন, "আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রুর প্রয়োজন হয় না। সংসদে দেশবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের বিষয়ে কোনও আলোচনা হচ্ছে না। এই চুক্তি বাতিল না হলে সামনের দিনের বিপর্যস্ত পৃথিবীতে বাংলাদেশ বিপন্ন অবস্থায় পরবে। বাংলাদেশ শেকলবন্দী হয়ে যাবে। সার্বভৌমত্ব বলে আর কিছু থাকবে না। তীব্র গোপনীয়তার নাম করে দেশকে যুক্তরাষ্ট্রের কাছে বর্গা দেওয়ার সঙ্গে জড়িতদের শাস্তি দিতে হবে।"

লাকী আক্তার তার বক্তব্যে উল্লেখ করেন, "দিন যত যাচ্ছে, দেশের সংকট ঘনীভূত হচ্ছে। এমনিতেই দেশে জ্বালানি সংকট তীব্র হয়ে উঠছে। সামনের দিনে আমাদের কৃষি আর শিল্প বিপর্যস্ত হয়ে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই সংকটের মধ্যে পরবে। আর এই বাণিজ্য চুক্তি বহাল থাকলে বাংলাদেশের বিপর্যয় রুখে দাঁড়ানোর আর কোনও উপায় থাকবে না। স্বাধীনভাবে মতামত এবং কম মূল্যে পণ্য কিনতে পারবে না সরকার। অবিলম্বে এই সর্বনাশা বাণিজ্য চুক্তি বাতিল করে দেশকে সম্ভাব্য কঠিন বিপদের হাত থেকে মুক্ত করতে হবে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তেজগাঁওয়ে অনুষ্ঠিত পথসভা

এছাড়া একই দিন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর কমিটির উদ্যোগে তেজগাঁও থানার নাবিস্কো মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সদস্য সাদেকুর রহমান শামীম এবং সঞ্চালনা করেন তেজগাঁও থানার সম্পাদক মাহমুদ হাসান জুয়েল। বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল বিশ্বাস, জেলা কমিটির সদস্য কল্লোল বণিক প্রমুখ।

সিপিবির নেতারা তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন যে, এই বাণিজ্য চুক্তি দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তারা দাবি করেন যে, চুক্তিটি বাতিল না হলে দেশের কৃষি ও শিল্প খাত ধ্বংসের মুখোমুখি হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে। পথসভায় অংশগ্রহণকারীরা সরকারের কাছে অবিলম্বে চুক্তি বাতিলের আহ্বান জানান এবং তা না হলে ব্যাপক আন্দোলনের ঘোষণা দেন।