জুলাই অভ্যুত্থানে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভিন্ন প্রেক্ষাপটে স্বাধীনতা দিবস উদযাপন
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আজকে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি। দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ফ্যাসিস্টদের যাতাকলে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, স্বাধীনতা বিপন্ন হয়ে পড়েছিল। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সঙ্গে নিয়ে লড়াই-সংগ্রাম করেছে।
তিনি বলেন, প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, ২০ হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, প্রায় ১৭০০ নেতাকর্মী গুম হয়েছে। সব নিপীড়ন-নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের মানুষ লড়াই চালিয়ে গেছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার বাংলাদেশে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৫ বছর ধরে নির্বাসিত থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। এখন নির্বাচন থেকে শুরু করে সরকার গঠনের পর তিনি তার সম্পূর্ণ নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন। মানুষকে সংগঠিত করছেন এবং মাত্র একমাসের মধ্যেই তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে।
তিনি বলেন, আমরা জানি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মওকুফ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, পাদ্রী—তাদের যে ভাতা দেওয়া হচ্ছে, সেটা একটা নতুন কার্যক্রম শুরু হয়েছে।
দেশের মানুষের আস্থা ও আশাবাদ
মন্ত্রী বলেন, আমরা তারেক রহমানের প্রতি দেশের মানুষ আশাবাদী, আস্থাশীল। তার নেতৃত্বে অবশ্যই বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ হবে—এই বিশ্বাস আমাদের সবার আছে।
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা
মির্জা ফখরুল বলেন, আজকে স্মরণ করতে চাই- বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী খালেদা জিয়াকে। যিনি সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার জীবনের শেষদিন পর্যন্ত এদেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।



