জনগণের সঙ্গে ক্ষমতা দেখাবেন না: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সতর্কবার্তা
জনগণের সঙ্গে ক্ষমতা দেখাবেন না: গণপূর্তমন্ত্রী

জনগণের সঙ্গে ক্ষমতা দেখাবেন না: গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সতর্কবার্তা

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, জনগণের সঙ্গে কেউ ক্ষমতা দেখাবেন না। ক্ষমতার দাপট এবং আধিপত্য বিস্তার করবেন না। মানুষ যেন বলতে না পারে বিএনপিকে ভোট দিয়ে ভুল করেছি। বিএনপির প্রতিটি নেতাকর্মীর কর্মকাণ্ড এবং আচরণে মানুষ সন্তুষ্ট হতে হবে।

বরুড়ায় ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্য

রোববার সন্ধ্যায় কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, আপনারা মানুষের জন্য কাজ করেন। কে কোন দল করে, কোন ধর্ম করে সেটা নয়, আমরা বাংলাদেশি। দয়া করে কোনো অন্যায় কাজে জড়িত হবেন না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জন্য কাজ করছেন। তিনি দেশকে পরিবর্তন করতে চান। আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। আমরা একটা কঠিন সময় পার করছি। আপনারা ধৈর্য ধরেন। মন্ত্রী বলেন, গত ১৭-১৮ বছরে আমরা দৌড়ের উপর ছিলাম। কারো হক নষ্ট করবেন না। আগে নিজের ঘর, আত্মীয় স্বজন ঠিক করেন। ন্যায়ের পক্ষে থাকেন। আমরা জনগণের ভোটে হইছি। জনগণের উপর ক্ষমতা দেখাবেন না। আমি যেন আপনাদের আশা পূরণ করতে পারি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বরুড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা ও উন্নয়ন পরিকল্পনা

জাকারিয়া তাহের সুমন বলেন, আমি বরুড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা অনেক কষ্ট করে আমাকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। এরপর আমি এত বড় বিশাল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আমি শুধুমাত্র দলের এমপি হিসেবে নয়, আমি বরুড়াবাসীর এমপি হিসেবে কাজ করতে চাই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, আপনারা জানেন ইতিমধ্যে আমি কিছু পরিকল্পনা গ্রহণ করেছি, তা ধীরে ধীরে বাস্তবায়ন হবে। তার মধ্যে বরুড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট গুলোকে মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার কাজ চলমান রয়েছে। তিনি আরও বলেন, সামাজিক কিছু সমস্যা আছে আমি প্রত্যেক এলাকার মুরুব্বিদের বলব আপনারা ছোটখাটো বিষয়গুলো স্থানীয়ভাবে মীমাংসা করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

  • বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি
  • বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ
  • বরুড়া থানার ওসি আজহারুল ইসলাম
  • বরুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট খায়রুল এনাম তৌফিক
  • অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত
  • সৈয়দ জহিরুল হক স্বপন
  • বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম
  • বরুড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক
  • বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির পাটোয়ারী
  • বরুড়া পৌরসভার সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী

তিনি সবাইকে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।