জাকারিয়া তাহের সুমন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন
কুমিল্লা-৮ বরুড়া সংসদীয় আসনের জনপ্রিয় সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন।
কুমিল্লার রাজনীতিতে ঐতিহাসিক মুহূর্ত
জাকারিয়া তাহের সুমন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। কুমিল্লা অঞ্চলের রাজনীতিতে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছে সচেতন মহল। সুমনের মন্ত্রিত্বের খবরে বরুড়াসহ পুরো কুমিল্লায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস বইছে। মন্ত্রিসভায় জাকারিয়া তাহের সুমনের অন্তর্ভুক্তি কুমিল্লা অঞ্চলের মানুষের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।
অভূতপূর্ব ভোটে নির্বাচিত
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে অভূতপূর্ব গণরায় পান জাকারিয়া তাহের সুমন। তিনি মোট ১ লাখ ৬৭ হাজার ৪৮৬ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল পেয়েছেন মাত্র ৪১ হাজার ২০৯ ভোট। অর্থাৎ জাকারিয়া তাহের সুমন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১ লাখ ২৬ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
কুমিল্লায় সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এই বিপুল ভোটের ব্যবধান স্পষ্টভাবে প্রমাণ করে, বরুড়ার জনগণ তার প্রতি কতটা গভীর আস্থা ও অবিচল বিশ্বাস পোষণ করেন। তিনি কুমিল্লায় পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তাছাড়া বিনয়ী এবং নিরহংকার একজন নেতা তিনি।
তৃণমূলে উৎসবের আমেজ
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই কুমিল্লার বরুড়া উপজেলাসহ আশপাশের এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও আনন্দের জোয়ার বইতে শুরু করে। মিষ্টি বিতরণ, দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মী-সমর্থকরা এই আনন্দ উদযাপন করেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আন্দোলনের পথ পাড়ি দিয়ে আজকের এ অর্জন তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্থানীয় নেতাকর্মীরা এই মন্ত্রিত্ব তাদের বছরের পর বছর ধরে করা ত্যাগ ও পরিশ্রমের যথার্থ স্বীকৃতি বলে মনে করছেন।
এ প্রসঙ্গে বরুড়ার বিশিষ্ট আলেম মাওলানা ইউসুফ বলেন, "বরুড়ার মাটি থেকে উঠে আসা এই জননেতার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি পুরো কুমিল্লা অঞ্চলের জন্য গৌরবের বিষয়। দলীয় কর্মী-সমর্থকরা এ অর্জনকে তাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি হিসেবে দেখছেন। জাকারিয়া তাহের সুমন সত্যিকার অর্থেই এ অঞ্চলের মানুষের প্রতিনিধি এবং তার হাত ধরে এ অঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।"
জনগণের প্রত্যাশা ও নতুন সম্ভাবনা
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় দেশের আবাসন, অবকাঠামো ও নগর উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জাকারিয়া তাহের সুমন কুমিল্লাসহ সারা দেশের আবাসন ও অবকাঠামো উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বরুড়াসহ কুমিল্লা অঞ্চলের রাস্তাঘাট, সেতু, সরকারি স্থাপনাসহ সামগ্রিক অবকাঠামো উন্নয়নে এখন নতুন গতি আসবে বলে আশাবাদী এলাকাবাসী। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে তার নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আসবে বলে দৃঢ় বিশ্বাস স্থানীয় সচেতন নাগরিকদের।
এ বিষয়ে নবনির্বাচিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, "এটা আমার জন্য অনেক বড় পাওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ওপর আস্থা রেখেছেন বলে আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি দেশ ও জাতির কল্যাণে সততা এবং নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করব। আমার কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় সেই স্বচ্ছতা বজায় রাখব।"
