প্রধানমন্ত্রী তারিক রহমান সোমবার পুলিশ সদস্যদের মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি সালেহ শিবলি জানান, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৃতীয় তলায় সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, 'এই দেশ সবার। আমাদের একসঙ্গে এটাকে রক্ষা করতে হবে। আমাদের সবার মতাদর্শ এক নাও হতে পারে, তবে সরকারের সঙ্গে কাজ করার সময় আপনার ব্যক্তিগত বিশ্বাস বা মতাদর্শ দাপ্তরিক দায়িত্বে প্রতিফলিত হওয়া উচিত নয়।'
প্রধানমন্ত্রী আরও বলেন, মতপার্থক্য শুধু ব্যালট বাক্সের মাধ্যমেই প্রতিফলিত হওয়া উচিত।
'তার আগে আমাদের সবাইকে এই দেশকে ভালোবাসতে হবে এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে,' তিনি যোগ করেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তারিক রহমান তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন।
বক্তব্যে তিনি আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দেন এবং পুলিশকে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের অপরাধী হিসেবে বিবেচনা করতে বলেন।
তিনি দুর্নীতি, সন্ত্রাস ও শাসনহীনতার সঙ্গে কোনো আপস হবে না বলে জোর দেন এবং পুলিশ কর্মকর্তাদের জনগণমুখীভাবে কাজ করার আহ্বান জানান।
পরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটের সামনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি ছবি তোলার অনুষ্ঠানে অংশ নেন।



