সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ-সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি শপথ গ্রহণ করেছেন। বুধবার (৬ মে) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠানের বিবরণ
সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ-১৪৮ এর তৃতীয় তফসিল ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে সই করেন।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমা দেওয়ার ঘটনা
এর আগে, ২১ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। কিন্তু ৪টা ১৯ মিনিটে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দেন। বিলম্ব দেখিয়ে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করেনি। পরে উচ্চ আদালতের আশ্রয় নেন নুসরাত।
আদালত ইসিকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইসি তার মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
প্রসঙ্গ
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৪৯ নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ অনুষ্ঠিত হয় রবিবার (৩ মে)। নুসরাত তাবাসসুম শপথ নিলেন আজ।



