কুষ্টিয়ায় অপকর্মকারীদের বিরুদ্ধে লড়াইয়ে পিছুপা হবেন না আমির হামজা
কুষ্টিয়ায় অপকর্মকারীদের বিরুদ্ধে লড়াইয়ে পিছুপা হবেন না আমির হামজা

কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা এমপি অভিযোগ করে বলেছেন, তিনি যখনই জনগণের জন্য ভালো কাজ করতে যান, তখনই কিছু কুচক্রী মহল তাকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করে। তার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সোমবার (৪ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে যা লিখেছেন আমির হামজা

আমির হামজা তার পোস্টে লেখেন, 'প্রিয় কুষ্টিয়াবাসী, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তা'আলার দরবারে। যার রহমত এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আজ সংসদ সদস্য। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, আমি যখনই আপনাদের জন্য ভালো কাজের আঞ্জাম দিতে যাচ্ছি, তখনই কিছু কুচক্রী মহল পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে। আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আসলে তাদের হাতে এখন কোনো কল্যাণকর রাজনীতি নেই। তারা মানুষের জন্য ভালো কিছু করতে অক্ষম, তাই আমার পথ আটকানোই তাদের একমাত্র রাজনীতি হয়ে উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত হবে কুষ্টিয়াবাসী।'

চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অবস্থান

চাঁদাবাজির প্রসঙ্গে তিনি লেখেন, 'আমি এমপি হওয়ায় অনেকেই তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদকের সম্রাজ্য আগের মতো নির্বিঘ্নে চালাতে পারছে না। বরং তারা এসব অপকর্মের সাম্রাজ্য ধ্বংসের আশঙ্কা করছে। তাই তারা বিভিন্ন সময় মিথ্যা তথ্য ছড়াচ্ছে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সতর্কবার্তা ও প্রতিজ্ঞা

তাদের সতর্ক করে তিনি লেখেন, 'আমি তাদের স্পষ্টভাবে বলতে চাই, কুষ্টিয়াবাসী শান্তিতে বসবাসের জন্য যে আমানত আমার কাঁধে তুলে দিয়েছে, সেই আমানত রক্ষার্থে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তবুও পিছুপা হবো না, ইনশাআল্লাহ।' তিনি আরও লেখেন, 'প্রিয় কুষ্টিয়া-৩ আসনের মা-বাবা, ভাই-বোনেরা, আমার বিশ্বাস আগেও আপনারা আমার পাশে ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। আপনাদের নিয়ে সম্মিলিত লড়াইয়ে আমরা অপকর্মকারীদের পরাজিত করব, ইনশাআল্লাহ।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, মুফতি আমির হামজা একজন ইসলামিক বক্তা হিসেবে পরিচিত এবং সম্প্রতি কুষ্টিয়া-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি তার এলাকায় উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।