দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন কমিটি পেয়েছে নোয়াখালী জেলা ছাত্রদল। এই কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনবিএস রাসেল। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।
কমিটির অন্যান্য পদ
কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন রকি। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক নাজিম উদ্দীন রনি। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন।
কেন্দ্রীয় অনুমোদন
শনিবার মধ্যরাতে (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন করেন। একই সঙ্গে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
তৃণমূলের প্রতিক্রিয়া
দীর্ঘদিন পর কমিটি পেয়ে বেশ উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। তাদের মতে, নবগঠিত কমিটি নোয়াখালী জেলা ছাত্রদলের সবগুলো ইউনিট পুনর্গঠন করে ছাত্রদলকে শক্তিশালী করবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব তৈরি করাসহ সংগঠনের স্বার্থে কাজ করবে এবং সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াবে বলে তারা আশা প্রকাশ করেন।
তারা মনে করছেন, যারা স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন, দলের দুঃসময়ে যারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন এবং যারা নিয়মিত ছাত্র, উচ্চশিক্ষিত ও শিক্ষার্থীবান্ধব নেতা, তাদের দিয়েই এই কমিটি গঠিত হয়েছে। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নোয়াখালীর কৃতীসন্তান নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
নতুন নেতাদের বক্তব্য
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, বিগত দিনে শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাব। আমার ওপর কেন্দ্রীয় ছাত্রদল নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তাদের কাছে চিরকৃতজ্ঞ।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান বলেন, বিগত সময়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি এবং প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। আগামী দিনে ছাত্রদলের প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমার ওপর পূর্ণাঙ্গ আস্থা রাখায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও নোয়াখালীর কৃতীসন্তান ও কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।



