সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে তাকে বহনকারী ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট শনিবার (২ মে) সকাল ১০টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছে বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র।
প্রথম সফর
প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তারেক রহমানের প্রথম সফর বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে বলা হয়, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন।
মেগা প্রকল্প উদ্বোধন
বেলা ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন এলাকার বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে নেওয়া সাড়ে চার হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্পের উদ্বোধন ও সুধী সমাবেশে যোগ দেবেন। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে প্রথম এই খাল উদ্বোধন করেছিলেন।
ক্রীড়া ও দলীয় কর্মসূচি
বিকাল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ১২-১৪ বছরের শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিকাল ৫টায় সিলেট জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে দলীয় সভায় অংশগ্রহণ শেষে সন্ধ্যা ৭টার ফ্লাইটে বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।
তার আগমনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা।



