প্রধানমন্ত্রী তারেক রহমানের একদিনের সিলেট সফর শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর শুরু

একদিনের সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে তাকে বহনকারী ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

বিমানবন্দরে অভ্যর্থনা

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাজার জিয়ারত

প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহ জালাল (র.) মাজার অভিমুখে রওনা হবেন। এই মাজার জিয়ারতের পর তিনি যাবেন খাদিম নগরে হযরত শাহ পরাণ (র.) মাজারে। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন। তিনি খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর

মাজার জিয়ারতের পর সকাল ১১টায় শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশ নেবেন সরকারপ্রধান।

বাইশা নদী পুনঃখনন

এরপর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

প্রধানমন্ত্রী সার্কিট হাউজে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করবেন। জেলা পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এটি একটি নতুন কর্মসূচি, যা বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দলীয় জনসভা

বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শহরের শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এ সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২১ জানুয়ারি সেখানকার আলিয়া মাদ্রাসায় জনসভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শনিবারই প্রথম সিলেট সফর করছেন তারেক রহমান।