বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পুরোনো বিতর্ক জিইয়ে রাখা দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়। তিনি একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াতকে এক নয় বলে মন্তব্য করেন।
গঠনতন্ত্র পরিবর্তনের কথা
শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজিত শ্রমিক সমাবেশ শেষে সাংবাদিকদের এ কথা বলেন গোলাম পরওয়ার। তিনি বলেন, সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্র বহুবার পরিবর্তন করা হয়েছে। বর্তমান গঠনতন্ত্রের ভূমিকায় মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করার বিষয়টি উল্লেখ রয়েছে।
পুরোনো বিতর্ক প্রসঙ্গে
এত সাংবিধানিক পরিবর্তনের পরও একটি মহল পুরোনো বিতর্ককে জিইয়ে রাখতে চায় উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, পুরোনো বিতর্ক জিইয়ে রাখা দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়। বরং জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ। দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিতে হবে।
ইতিহাস ও উন্নয়ন
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমাদের আমিরে জামায়াত বলেছেন ইতিহাস নিয়ে পড়ে থাকলে আমরা কখনো ইতিহাস রচনা করতে পারবো না। সেজন্য আমাদের চেয়ে পরে স্বাধীন হওয়া অনেক দেশ উন্নতি করেছে। আমাদের যারা এখন পার্লামেন্টে তারা অধিকাংশ তরুণ। স্বাধীনতার পরে জন্ম, আপনি কাকে স্বাধীনতা বিরোধী বলবেন? আল বদর বলবেন? রাজাকার বলবেন? জনগণ তো হাসে।
গোলাম পরওয়ার আরও বলেন, দেশের উন্নয়ন ও ঐক্যের জন্য পুরোনো বিতর্ককে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি।



