প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর থেকে ঢাকার গুলশানের নিজ বাসভবনে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর থেকে ঢাকায় ফিরে রাত ৯টা ৫ মিনিটে তার গুলশানের বাসায় পৌঁছেছেন।’
এর আগে যশোর ক্লাবের অনুষ্ঠান শেষ করে প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছান। ঢাকার উদ্দেশে বিমান ছেড়ে আসে রাত ৮টায়। যশোরে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতারা।
এদিন সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা থেকে যশোর যান প্রধানমন্ত্রী। তিনি উলাশী খাল পুনঃখনন, ৫শ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করেন, সেখানে সমাবেশে বক্তব্য দেন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন এবং যশোর ক্লাবে মতবিনিময় করেন।
পরে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন। এই সফরে তিনি একাধিক উন্নয়নমূলক কর্মসূচি উদ্বোধন ও সমাবেশে অংশ নেন।



