রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল সমাবেশ করবে। এই সমাবেশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
যৌথসভার সিদ্ধান্ত
আজ শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাবেশের কথা জানান। তিনি বলেন, ওই দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুমার নামাজ শেষে এই সমাবেশ শুরু হবে।
জামায়াত আমিরের বক্তব্যের নিন্দা
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে—জামায়াত আমিরের এমন বক্তব্যের সমালোচনা ও তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘তিনি (জামায়াত আমির) ও তাঁর দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না, তা প্রমাণিত হয়েছে। বিশ্বের সব দেশ এবং দেশের সব পর্যবেক্ষক একবাক্যে স্বীকার করেছেন, এই নির্বাচন বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রিয়তার মাধ্যমে ২১৩টি আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘সুতরাং জামায়াত আমিরের এই বক্তব্য আমি প্রত্যাখ্যান করছি—নিন্দা জানাচ্ছি ও ক্ষোভ প্রকাশ করছি।’
ধূম্রজাল সৃষ্টির চেষ্টা
জামায়াতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘আজ বিভিন্নভাবে বিএনপির কর্মকাণ্ডের ওপর ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা চলছে। বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। তারা ফ্যাসিস্ট শাসনের পাঁয়তারা করছে কি না, সেটা চিন্তা করতে হবে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে নিতে চায় কি না, সেটিও আমাদের ভাবতে হবে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।



