ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠক চলাকালে একটি বিদ্যালয়ের দেয়াল ধসে সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নটার দিকে জেলা শহরের পাইকপাড়ায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা
আহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ হাসান (৪৫) এবং তূর্য দাস (১৩) ও আঁখি (১৯) নামের আরও দুজন। উন্নত চিকিৎসার জন্য আহসান উল্লাহ হাসানকে ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের শেষ দিকে শহরের পাইকপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে লোহার কাঠামো (ফ্রেম) পড়ে সুব্রত দাস নামে এক ব্যক্তি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই মৃত্যুর ঘটনায় গতকাল রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহত ব্যক্তির স্বজনেরা জেলা শহরের পাইকপাড়া এলাকায় হুমায়ূন কবির পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিস বৈঠক বসেন। সালিস শুরুর কিছুক্ষণ পরই স্কুলের ছাদের ওপরের অংশে থাকা ১০ ইঞ্চির একটি দেয়াল ধসে পড়ে। এতে আহসান উল্লাহ হাসান, তূর্য দাস ও আঁখি আহত হন।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
সালিসে উপস্থিত ও জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক জানান, দেয়ালটি উত্তর–পূর্ব দিকে ধসে পড়ে। এতে পূর্ব-উত্তর কোণে বসে থাকা তিনজন দেয়ালের নিচে চাপা পড়েন। পরে তাঁদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সাবেক কাউন্সিলর হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দেয়াল ধসের ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
পুলিশের বক্তব্য
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



