বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ১১ দলীয় জোটকে তাদের দলের নাম ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। বুধবার দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জোটে নেই খেলাফত আন্দোলন
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন বর্তমানে কোনো জোটের সদস্য নয়। বিগত নির্বাচনে দলটি এককভাবেই অংশ নিয়েছে। নির্বাচনের আগে জুলাই শহীদ ও শাপলা শহীদ পরিবারের পুনর্বাসন ও গণহত্যার বিচারসহ কয়েকটি দাবিতে যুগপৎ আন্দোলনে ছিল খেলাফত আন্দোলন। তবে নির্বাচনি সমঝোতা না হওয়ায় কোনো জোটে অংশগ্রহণ করেনি তারা।
ঐক্যের আহ্বান
কালেমায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ইসলাম, মুসলমান ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। একদিকে ভারতে মুসলমানদের মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, মুসলিমদের নির্যাতন করা হচ্ছে এবং ভারতীয়দের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। অপরদিকে বাংলাদেশের গাইবান্ধায় প্রকাশ্যে বিশালাকৃতির শিবমূর্তি স্থাপন করে দেশে অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, দেশ ও ইসলাম রক্ষায় দল মত নির্বিশেষে কালিমায় বিশ্বাসী সকলের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
বিক্ষোভ মিছিলের ঘোষণা
বৈঠকে শিবমূর্তি অপসারণের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
উপস্থিত নেতারা
বৈঠকে দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী প্রমুখ উপস্থিত ছিলেন।
সরকারের সমালোচনা
বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা বলেন, নতুন করে এই সরকার শিক্ষাঙ্গনে সংগীত ও নৃত্য অন্তর্ভুক্তির ষড়যন্ত্র করছে, যা যুব সমাজকে ধর্মহীনতা ও নাস্তিকতার দিকে ঠেলে দিচ্ছে। দেশের ধর্মপ্রাণ তৌহিদী জনতা এটা কিছুতেই বরদাশত করবে না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তাওহীদি জনতাকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।



