গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর শুনে তাঁর বোন রাশিদা খাতুন (৬২) অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।
দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন
আনিছুর রহমানের ছোট ভাই মুজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে তাঁর ভাই কিডনি, হৃদ্রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। নিয়মিত তিনি হাসপাতালে গিয়ে ডায়ালাইসিস করাতেন। আজ ডায়ালাইসিস করাতে হাসপাতালে গেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিকেল চারটার দিকে তাঁর মৃত্যু হয়।
দুইজনের মৃত্যু একই দিনে
আনিছুর রহমানের মৃত্যুর খবর শুনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছোট বোন রাশিদা খাতুন (৬২)। হাসপাতালে নেওয়ার পথে বিকেলে তাঁর মৃত্যু হয়। এভাবে একই দিনে দুইজনের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রাজনৈতিক জীবন
আনিছুর রহমান গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি শ্রীপুর পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র ছিলেন। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে তিনি চতুর্থবারের মতো মেয়র নির্বাচিত হন। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর পর থেকে তাঁকে জনসমক্ষে কম দেখা যেত।



