ক্ষুদে ‘খালেদার’ বাবা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন
ক্ষুদে ‘খালেদার’ বাবা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়ার শাহ নাসির উদ্দিন রুমন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি আলোচিত সেই ক্ষুদে ‘খালেদার’ বাবা, যিনি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ‘প্রতীকী জেলখানায় বন্দি ক্ষুদে খালেদা’ অভিনয় করে দেশজুড়ে পরিচিতি পান।

যুবদলের নতুন দায়িত্ব

বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতেই যুগ্ম সাধারণ সম্পাদক হন শাহ নাসির উদ্দিন রুমন।

গৌরীপুরে আনন্দের জোয়ার

রুমন যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার খবরে ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের মধ্যে ব্যাপক আনন্দের জোয়ার বইছে। শহরের কালিপুর মধ্যম তরফ এলাকায় দলীয় নেতাকর্মীরা মিষ্টিমুখ করে উল্লাস করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শুভেচ্ছাবার্তা ও অভিনন্দনের ঝড় বইছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য

শাহ নাসির উদ্দিন রুমন এর আগে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়া ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রুমনের স্ত্রী তানজিন চৌধুরী লিলি ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘লাগারে লাগা, ধান লাগা’ স্লোগানে ভাইরাল হন তিনি। স্বামী-স্ত্রী দুজনেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের একমাত্র কন্যা শাহ রুবাইয়া রুবাবা ‘ক্ষুদে খালেদা’ হিসেবে পরিচিতি লাভ করে।

সংগ্রামী রাজনৈতিক জীবন

ছাত্রজীবন থেকে দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ঢাকার রাজপথ, ময়মনসিংহের মহানগর ও উপজেলায় রুমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সব প্রতিকূলতা ডিঙিয়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে সরব ছিলেন। তার হাত ধরেই উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে ছাত্রদল-যুবদলের শত শত নেতাকর্মী সংগঠিত হয়েছেন। নির্যাতিত-নিপীড়িত কর্মীদের জন্য তিনি আস্থা ও ভরসার ঠিকানা।

রুমনের প্রতিক্রিয়া

এ প্রাপ্তিতে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে শাহ নাসির উদ্দিন রুমন বলেন, “আমাদের অভিভাবক ও লাখো কোটি মানুষের আস্থা এবং বিশ্বাসের ঠিকানা হলো বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এবং কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অতীতের ন্যায় নিজের জীবনের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করাই আমাদের অঙ্গীকার।”