দুই দিনের সফরে আগামী ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার (৫ জুন) গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন কক্সবাজার-২ (চকরিয়া–পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম।
সফরের বিস্তারিত কর্মসূচি
সফরের বিভিন্ন কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। সফরসূচি অনুযায়ী ১৪ জুন বেলা ১১টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওয়াসিমের কবর জিয়ারত করবেন।
পেকুয়া ও চকরিয়ার অনুষ্ঠান
পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং স্থানীয় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। বিকালে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে তিনি কক্সবাজারে রাতযাপন করবেন এবং পরদিন স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।



