চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রোসাঙ্গিরি এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ‘বিশ্রামাগারে’ এই সভা হয়। সংগঠনের ফটিকছড়ি উপজেলা শাখা সভাটির আয়োজন করে।
সভার বিবরণ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় কয়েকজন নেতা বক্তব্য দিচ্ছেন। তাঁদের পেছনে একটি ব্যানার টাঙানো, যাতে লেখা রয়েছে—‘উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা’। সভায় শ্রোতাদের সারিতে সংগঠনের শতাধিক নেতা-কর্মী বসে ছিলেন।
পুলিশের অভিযান
পুলিশ জানায়, সভার বিষয়টি জানার পর ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে এর আগেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেছেন। এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলা করেছে।
জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান আজ শুক্রবার সকালে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের সভায় যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



