তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, শহীদ জিয়ার আদর্শ ও জাতীয়তাবাদী চেতনাকে বুকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নান্দাইলে শনিবার (৩০ মে) দুপুরে আলোচনা সভা, কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের পরিচালনায় উক্ত দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শ আজও প্রাসঙ্গিক এবং তা অনুসরণ করলেই দেশের উন্নয়ন সম্ভব। তিনি সবাইকে ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক মতভেদ ভুলে জাতির কল্যাণে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



