প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী ঈদের দিন রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। গত ১৯ মে ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে সোহেল রানা নামে এক ব্যক্তি।
সমবেদনা জানাতে পল্লবীর বাসায় রিজভী
বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিনে রামিসার পরিবারের পাশে দাঁড়াতে পল্লবীর বাসায় যান অ্যাড. রুহুল কবির রিজভী। সেখানে রামিসার বাবার কান্নায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। রিজভী তাকে সান্ত্বনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি।
প্রধানমন্ত্রীর আশ্বাস
রিজভী জানান, হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। পাশাপাশি রামিসার বড় বোন রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি। তিনি বলেন, আমরা সবাই রামিসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকব ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. ইকবালুর রহমান রোকন।



