নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ শহীদ পরিবারের মধ্যে কুরবানির পশু উপহার দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার দুপুরে এ কর্মসূচি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।
এনসিপির এই সংসদ সদস্য ফতুল্লা এলাকায় শহীদ আদিল ও শহীদ রাব্বির পরিবারের কাছে কুরবানির পশু পৌঁছে দেন। সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন সাংবাদিকদের বলেন, 'আমরা গত বছরের ন্যায় এবারো এই জেলায় শহীদ ২৪ জনের নামে পশু কুরবানির উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে আমাদের ক্রয়কৃত পশুগুলো শহীদ পরিবারে পৌঁছে দিয়েছি।'
তিনি আরও বলেন, 'এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই কৃতজ্ঞতা থেকেই তাদের নামে পশু কুরবানির উদ্যোগ নিয়েছি আমরা। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করা বীরদের স্মরণ করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। জুলাই যোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছেন। তারা জাতীয় বীর। আমরা এই পরিবারের পাশে থাকব।'



