ঠাকুরগাঁওয়ে দ্রুত মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৭ মে) সকালে জেলা সদরের জামালপুর, নারগুন, গড়েয়া ও আউলিয়াপুরসহ কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্থান নির্বাচনে বাস্তবায়ন কমিটি
মির্জা ফখরুল জানান, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি নির্ধারণে একটি বাস্তবায়ন কমিটি কাজ করছে। প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন দিক বিবেচনা করে এমন জায়গা নির্বাচন করা হবে, যাতে আবাদি জমির ক্ষতি কম হয়। তিনি বলেন, ইতোমধ্যে একাধিক স্থান পরিদর্শন করা হয়েছে এবং খুব দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
দ্রুত কাজ শুরু করার প্রতিশ্রুতি
বাস্তবায়ন কমিটির সুপারিশ পাওয়ার পর তা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং এরপর দ্রুত কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। পরিদর্শনকালে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইসরাফিল শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েলসহ স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।



