পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, একাত্তরের পরাজিতরা বাংলাদেশকে ব্যর্থ করার জন্য অপচেষ্টা ও অপপ্রচার চালাচ্ছে। মঙ্গলবার (২৬ মে) বিকালে পঞ্চগড়ের নগরকুমারীস্থ বাসভবনে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও অসহায়, অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সরকারের উন্নয়ন দেখে মাথা নষ্ট
প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দেখে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা কোন কুল কিনারা পাচ্ছেন না। তারা স্বাধীনতাকে বিশ্বাস করতো না, একাত্তরকে বিশ্বাস করতো না, তারা বাংলাদেশকে বিলীন করতে চায়। তাই স্বাধীনতা বিরোধিরা সরকার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে।
কথায় নয় কাজে বিশ্বাস
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, জুলাই শহীদদের যে অবদান আমরা তা ধারন করবো। কথা অনেক বলবো, কাজ করবো না সেই নীতিতে প্রধানমন্ত্রী বিশ্বাস করে না বলেই তিনি প্রমান করেছেন কথায় নয় কাজে বিশ্বাস করেন। তিনি জুলাই শহীদ ও যোদ্ধাদের এবং তাদের পরিবারকে ভুলেননি। আমি পঞ্চগড়ের শহীদ পরিবারের সন্তান ও স্ত্রীদের যোগ্যতা অনুযায়ী আমার মন্ত্রণালয়ে চাকরির ব্যবস্থা করব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম প্রমুখ।
এ সময় জুলাই আন্দোলনের পঞ্চগড় জেলার ৬টি শহীদ পরিবারের সদস্য, অসহায়, অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তি ৩০ জনের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।



