ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের ১০০ দিন পূর্ণ করেছে বিএনপি। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা ড. মাহাদী আমিন বলেছেন, ‘সরকারের অভূতপূর্ব কর্মযজ্ঞে সাধারণ মানুষের জীবনমানে ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে।’
সংবাদ সম্মেলনে সরকারের সাফল্যের ফিরিস্তি
মঙ্গলবার (২৫ মে) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই সময়ে সরকারের বিভিন্ন কর্মসূচি ও সাফল্যের ফিরিস্তি তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় আরও বক্তব্য দেন অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন
মাহদী আমিন বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের মন্ত্রিসভা ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মোট ১০টি কেবিনেট সভা সম্পন্ন করেছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় ৬২ শতাংশ এরইমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং ২৩টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে।’
সরকার গঠনের পর এত স্বল্প সময়ে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তগুলোর উল্লেখযোগ্য অংশ কার্যকর করতে সক্ষম হওয়া সরকারের দ্রুততা, কার্যকারিতা ও আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেও দাবি করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
অর্থনৈতিক করিডোর ও বিমানবন্দর সম্প্রসারণ
এসময় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন ড. মাহাদী আমিন। তিনি বলেন, ‘দেশের বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ।’
শিক্ষা ও প্রযুক্তি খাতে উদ্যোগ
তিনি আরও জানান, বিদেশে উচ্চশিক্ষার জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। বিমানবন্দর ও ট্রেনে হাই-স্পিড ফ্রি ওয়াই-ফাই চালুর মাধ্যমে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ করা হয়েছে। তরুণদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন করে স্পোর্টস ও নতুন কুঁড়ি কার্যক্রমও শুরু হয়েছে।
স্বাস্থ্য খাতের অগ্রগতি
স্বাস্থ্য খাতে সরকার দ্রুত ও মানবিক উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, হামের টিকা এনে প্রায় শতভাগ শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে। মাতৃত্বকালীন ছুটি উন্নীত করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
১৮০ দিনের কর্মপরিকল্পনা
সরকার গঠনের পরেই প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয়ে বিষয়ভিত্তিক ও খাতনির্ভর ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনা দিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ‘এর ফলে পুরো রাষ্ট্রকাঠামো একযোগে লক্ষ্য স্থির করে, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অনিঃশেষ কাজ করে যাচ্ছে। সরকারের অভূতপূর্ব এই কর্মযজ্ঞে সাধারণ মানুষের জীবনমানে ইতোমধ্যেই ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করেছে।’
শ্রমিকদের অধিকার ও ঈদ উদযাপন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র দাবি করেন, শ্রমবান্ধব রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও দেশব্যাপী শ্রমিকদের ঈদের আগে বেতন, ভাতা ও ঈদ বোনাস পরিশোধ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে ব্যাংক, সংশ্লিষ্ট অংশীজন, কারখানার মালিক-শ্রমিক এবং মালিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও সমন্বয় করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং নগদ অর্থছাড়ের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, ‘শ্রমিক অসন্তোষ বা আন্দোলনের কারণে অতীতে যে অনিশ্চয়তা ও অস্থিরতার পরিস্থিতি তৈরি হতো, চলমান উদ্যোগের ফলে তা সফলভাবে এড়ানো সম্ভব হয়েছে। ফলে শিল্প-কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন।’
ঈদুল আজহায় যাত্রা ব্যবস্থা
ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিশেষ ট্রেন সার্ভিস ও বিশেষ নৌ-সার্ভিস চালু করেছে বলে জানান মাহদী আমিন। তিনি বলেন, ‘ট্রেনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে আলাদা কম্পার্টমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি ঈদের সাত দিন আগে থেকেই বিশেষ মনিটরিং সেল গঠন করে সার্বিক যাত্রাব্যবস্থা তদারকির উদ্যোগ নেওয়া হয়েছে।’
কোরবানি ও হজ ব্যবস্থাপনা
কোরবানিকে কেন্দ্র করে গবাদিপশু চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দেশে উৎপাদিত গবাদিপশু খাতের বিকাশ ও বিক্রয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সঠিক সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারের বিশেষ উদ্যোগে এবার সাধারণ হজযাত্রীদের বিমানভাড়া ব্যাপকভাবে কমানো সম্ভব হয়েছে যা সাধারণ মানুষের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেসসচিব হাসান শিপলু, সুজাউদ্দৌলা সুজন, শাহদাৎ হোসেন স্বাধীন প্রমুখ।



