সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক হস্তান্তর করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এর আগে সন্ধ্যা ৬টায় নিজ বাসা থেকে পায়ে হেঁটে কার্যালয়ে যান।
ঈদুল আজহায় ভোগান্তি এড়াতে নির্দেশ
এ সময় ঈদুল আজহাকে কেন্দ্র করে কোনো ধরনের ভোগান্তি যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে প্রশাসকদের প্রতি নির্দেশ দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, বরিশালের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, ময়মনসিংহের মো. রুকুনোজ্জামান রোকন, খুলনার নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুরের মো. শওকত হোসেন সরকার, কুমিল্লার মো. ইউসুফ মোল্লা টিপু, বগুড়ার এম আর ইসলাম স্বাধীন, রংপুরের অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী (ডন) প্রমুখ।
পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশ্যে এই উপহারের চেক প্রদান করে বিএনপি চেয়ারম্যান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঈদের আনন্দ ভাগ করে নেন। তিনি আরও বলেন, ঈদুল আজহা উপলক্ষে নগরবাসী যাতে কোনো প্রকার হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সেজন্য প্রশাসকদের সতর্ক থাকতে হবে।



