ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কিছুসংখ্যক নেতাকর্মীর ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সোমবার (১৮ মে) বাদ আসর উপজেলার প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
গ্রেফতার ও বিচারের দাবি
মিছিলে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। মিছিল শেষে উপজেলা সদরের হাসপাতাল মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য
সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম তারেক ও সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি বরকত উল্লাহ মিন্টু প্রমুখ। এ সময় উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পটভূমি
উল্লেখ্য, রোববার (১৭ মে) সকালে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা শেখ মো. মুন্নার নেতৃত্বে কিছু নেতাকর্মী উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করে শাহবাজপুর ব্রিজের কাছে গিয়ে মিছিল শেষ করে। এর প্রতিবাদে একই দিন সন্ধ্যায় সরাইল উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে এবং মিছিলকারী নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সরাইল থানার প্রধান ফটকে বিক্ষোভ প্রদর্শন করে।



