রাঙ্গামাটি জেলা গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শুক্রবার (১৫ মে) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক যোগদান সভায় তারা আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদে যোগ দেন।
যোগদানকারী নেতাকর্মীরা
এনসিপির জেলা আহ্বায়ক বিপিন যথী চাকমা, বিপ্লবী ওয়ার্কাস পার্টির যুব আন্দোলনের সভাপতি পলাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক চীরজিৎ চাকমা, দপ্তর সম্পাদক সাগর চাকমা ও প্রচার সম্পাদক অভিলাস চাকমা, অবসরপ্রাপ্ত এসআই জলমনি চাকমা এবং এলডিপি নেতা কামালসহ অনেকে জেলা গণঅধিকার পরিষদে যোগ দেন।
সভায় উপস্থিত নেতারা
সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক আবুল বাশার, সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি রুদ্র মুহম্মদ জিয়াদ, রাঙ্গামাটি জেলা সভাপতি ইমাম হোসাইন ইমু, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল ও জয় বড়ুয়া প্রমুখ।
আবু হানিফের বক্তব্য
আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদের রাজনীতি সবার জন্য উন্মুক্ত। আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীরাও যোগ দিতে পারবেন। তবে আওয়ামী লীগের যারা অপরাধী, তাদের জন্য গণঅধিকার পরিষদে স্থান নেই। গণঅধিকার পরিষদ পাহাড় ও সমতল, সবার অধিকার নিশ্চিতে কাজ করবে। আমাদের কাছে সবার পরিচয় এই দেশের নাগরিক। গণঅধিকার পরিষদ রাজপথ থেকে বেড়ে ওঠা দল। আমাদের কাছে জনগণের অধিকার বাস্তবায়নই মূল লক্ষ্য। আমরা জুলাই সনদ ও গণভোটের পক্ষে। সরকারের কাছে দাবি, তারা যেন জুলাই সনদ ও গণভোট নিয়ে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে।
সাকিব হোসাইনের বক্তব্য
দলের উচ্চতর পরিষদের সদস্য সাকিব হোসাইন বলেন, আমরা বিএনপির সঙ্গে ২০২৩ সাল থেকে যুগপৎ আন্দোলন করেছি। সেই জায়গা থেকে তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল নির্বাচনে। জনগণের অধিকার আদায়ে আমরা কাজ করে যাব।
লোকমান হোসেনের বক্তব্য
চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বলেন, গণঅধিকার পরিষদ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কাজ করছে। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে।



