চন্দনাইশে এলডিপির সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান
চন্দনাইশে এলডিপির সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

চন্দনাইশে এলডিপির সহস্রাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শুক্রবার উপজেলার মক্কা পেট্রল পাম্পসংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের হাতে যোগদানপত্র দেন তারা। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

যোগদানকারীদের তালিকা

যোগদানকারীদের মধ্যে রয়েছেন- উপজেলা এলডিপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, চন্দনাইশ পৌর এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইউছুপ, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভা কৃষক দলের সদস্য সচিব এনামুল হকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও পদধারী প্রায় দুই শতাধিক নেতা এবং তাদের সহস্রাধিক কর্মী-সমর্থক।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেন, আজ থেকে চন্দনাইশে এলডিপি বিলুপ্ত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চন্দনাইশ সবসময় জাতীয়তাবাদী রাজনীতির উর্বর ভূমি ছিল। যারা আজ এলডিপি থেকে বিএনপিতে যোগদান করেছে, তারা নতুন কেউ নয়। তারা ঘরের ছেলে, ঘরে ফিরে এসেছে। ফলে এলডিপি এখন কার্যত বিলুপ্ত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, একসময় বলা হয়েছিল মুরব্বি না থাকলে বিএনপি জিরো হয়ে যাবে। কিন্তু আজ বাস্তবতা ভিন্ন কথা বলছে। এখন জাতীয়তাবাদী দলের জোয়ার সৃষ্টি হয়েছে। যারা দাম্ভিকতা করে বিএনপিকে শেষ হয়ে যাওয়ার কথা বলেছিল, আজ তারাই রাজনৈতিকভাবে জিরো হয়ে গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সমাবেশে বক্তব্য

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির অনুসারীরা বিভিন্ন দলে বিভক্ত থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আবারও বিএনপির ছায়াতলে একত্রিত হচ্ছেন। এতে চন্দনাইশে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে বলে তারা মনে করেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এমএ হাশেম রাজু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জুরুল আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, চন্দনাইশ পৌর যুবদলের আহ্বায়ক আজম খান, সদস্য সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌর যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন এবং সদস্য সচিব মো. মাহফুজ প্রমুখ।