আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথের আবেদন নথিভুক্ত, শুনানি ৯ জুন
আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণার আবেদন নথিভুক্ত, শুনানি ৯ জুন

চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণের সুযোগ চেয়ে করা আবেদন নথিভুক্ত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য আগামী ৯ জুন দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিনে গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

এর আগে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে। এর ফলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হলেও আদালতের ওই আদেশের কারণে ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এ অবস্থায় ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণের সুযোগ চেয়ে আবেদন করেন আসলাম চৌধুরী। পরে বিষয়টি আপিল বিভাগ নথিভুক্ত করে এবং ৯ জুন শুনানির দিন ধার্য করে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকীর আইনজীবী শিশির মনির বলেন, আবেদনটি নথিভুক্ত করা হয়েছে এবং ৯ জুন শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ