ফরিদপুরের ভাঙ্গার সোয়াদী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসচাপায় প্রাণ হারানো ৫ ব্যক্তির পরিচয় জানা গেছে। শনিবার (১১ জুলাই) রাত ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোয়াদী গ্রামের বাসিন্দা লিটন হোসেনের ছেলে জয়নাল হোসেন (৩০), আঞ্জু শেখের ছেলে ওবায়দুর শেখ (৪৫), বাবলু মিয়ার ছেলে আরিফ মিয়া (৪২), নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের কুদ্দুস মাতুব্বরের ছেলে হাফিজুল মাতুব্বর (২৮) ও বরগুনা সদর উপজেলার কোটবাড়িয়া ইউনিয়নের তুলশীবাড়িয়া গ্রামের সেলিম খানের ছেলে জালাল খান (৩৬)।
দুর্ঘটনার বিবরণ
এর আগে শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলগী ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় খুলনাগামী একটি ডিমের ট্রাকের চাকা ফেটে যায়। এ সময় ডিমের ট্রাকটি সড়কের ওপর উল্টে পড়ে। এর ফলে এলাকাবাসী সড়ক ছড়িয়ে পড়া ডিম কুড়াতে এগিয়ে আসে। ওই সময় ঢাকা থেকে নড়াইলগামী একটি বাস তাদের পিষে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে একজন নিহত হন। পরবর্তীতে এলাকাবাসী উত্তেজিত হয়ে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
পুলিশের বক্তব্য
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেন এবং মহাসড়ক অবরোধ করে রাখে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।



