প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে দিয়াওতাই হোটেলে কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।
১৭টি এমওইউ স্বাক্ষরের বিস্তারিত
মাহদী আমিন বলেন, বৃহস্পতিবার দ্বিপাক্ষিক আলোচনার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনা নেতৃত্বের সম্মতির ভিত্তিতে এই এমওইউগুলো স্বাক্ষরিত হয়। এর মধ্যে ১৩টি দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উভয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও তিনটি এমওইউ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড (বিডা) এবং চীনের বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে স্বাক্ষরিত হয়। আর একটি এমওইউ রাজনৈতিক দল পর্যায়ে, অর্থাৎ বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি এবং চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত হয়।
সফরের সময়সূচি
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে যান। তিনি প্রথমে দালিয়ানে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন। বুধবার রাতে সেখান থেকে বেইজিং যান। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুর ইসলাম রনি উপস্থিত ছিলেন।



