ডে কেয়ার সেন্টার শিশুদের জ্ঞানচর্চা ও মেধার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। তিনি দেশজুড়ে এর কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।
পরিদর্শন ও আলোচনা সভা
সোমবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর তিনটি ডে কেয়ার সেন্টার পরিদর্শন শেষে পান্থপথের পানি ভবনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
কর্মজীবীদের জন্য সুবিধা
ডা. জুবাইদা রহমান বলেন, “কর্মজীবীদের সন্তানদের জন্য ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করা গেলে তারা নিশ্চিন্তে কাজ করতে পারবে। তবে স্বল্প আয়ের মানুষ যেন খরচ চালাতে হিমশিম না খায় সে বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।” তিনি কর্মজীবী বাবা-মায়ের সন্তানদের দায়িত্ব নেওয়ায় ডে কেয়ার সেন্টারের কর্মরত নারীদের ধন্যবাদ জানান।
প্রশিক্ষিত জনবলের প্রয়োজনীয়তা
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ডে কেয়ার সেন্টার বাড়াতে প্রশিক্ষিত জনবল ও ভালো মানসিকতার মানুষ দরকার, যাতে শিশুরা আগামী দিনের জন্য তৈরি হতে পারেন।”



