স্ত্রীকে বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনা নিয়ে বিরোধে সিলেটে যুবক খুন
স্ত্রীকে ফিরিয়ে আনা নিয়ে বিরোধে সিলেটে যুবক খুন

সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনা নিয়ে বিরোধের জেরে এক যুবক খুন হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ তৃতীয় খণ্ড গ্রামের করুণা সুন্দরী দীঘির পাশের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় ও ঘটনার পটভূমি

নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৮)। তিনি একই গ্রামের মোসা মিয়ার ছেলে। স্বজনদের অভিযোগ, জাহাঙ্গীরের ভায়রা ভাই শামীম উদ্দিনের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে।

জাহাঙ্গীরের পরিবার ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান জাহাঙ্গীরের স্ত্রী। পরে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য তিনি ভায়রা ভাই শামীম উদ্দিনের সহযোগিতা চান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হামলার বিবরণ

এ নিয়ে বুধবার বিকেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে জাহাঙ্গীর আলম সেখান থেকে চলে যান। পরিবারের অভিযোগ, সন্ধ্যার দিকে নিজ বাড়ি থেকে বড়বন্দ বাজারে যাওয়ার পথে করুণা সুন্দরী দীঘির পাশে আগে থেকে ওত পেতে থাকা শামীম উদ্দিন, তার ভাই ডালিম উদ্দিন ও নাইম উদ্দিন, ভাগনে তারেক আহমদ, শাহেদ আহমদসহ কয়েকজন জাহাঙ্গীর আলমের ওপর অতর্কিত হামলা চালান। তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করেন।

মৃত্যু ও পুলিশি ব্যবস্থা

একপর্যায়ে স্থানীয় লোকজন জাহাঙ্গীরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, 'হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ