ঢাকা-মাওয়া মহাসড়কে ছুরিকাঘাতে যুবক হত্যা, গ্রেফতার ৩
ঢাকা-মাওয়া মহাসড়কে যুবক হত্যা, গ্রেফতার ৩ ছিনতাইকারী

ঢাকা-মাওয়া মহাসড়কে ছুরিকাঘাতে যুবক হত্যা, ৩ ছিনতাইকারী গ্রেফতার

দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নিহতের সঙ্গে থাকা তরুণীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ এবং ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রাজু আহম্মেদ ওরফে লাল চাঁন (৩২), সজীব মৃধা (২৮) ও জিহাদ মিয়া (২১)। শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) মো. তরিকুল ইসলাম এসব তথ্য জানান।

ঘটনার বিবরণ

তিনি বলেন, গত ১৬ জুন রাতে তরিকুল ইসলাম পবন (২৭) নামে এক যুবক বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে মাওয়া যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের উপর অবস্থান করছিলেন। তার সঙ্গে ছিলেন বান্ধবী লামিয়া আক্তার। তারা বন্ধুদের জন্য অপেক্ষা করছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ছিনতাইকারী তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে পবনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে লামিয়া আক্তারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত পবনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেফতার ও তদন্ত

ঘটনার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের শুভাঢ্যা ও আগানগর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ৩ আসামিকে গ্রেফতার করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা নিয়মিত চুনকুটিয়া বেবিস্ট্যান্ড এলাকায় আড্ডা দিয়ে বিভিন্ন স্থানে ছিনতাইয়ের পরিকল্পনা করতেন। দ্রুত পালিয়ে যাওয়ার সুবিধা থাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েকে তারা ছিনতাইয়ের জন্য উপযুক্ত স্থান হিসেবে বেছে নিতেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।