মুন্সিগঞ্জে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
মুন্সিগঞ্জে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে গণপিটুনিতে মো. শাহাদাত হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৬টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত শ্যামসিদ্ধি ইউনিয়নের শামসুল হকের ছেলে।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্থানীয়রা শ্যামসিদ্ধি-মত্তগ্রাম সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ভাষ্য, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে বুধবার গভীর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তী সময়ে মরদেহ সড়কের পাশে ফেলে রাখা হয়।

পুলিশের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক মিল্টন দত্ত বলেন, নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ