চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ। এর আগে সকালে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
পুলিশ সূত্র জানা গেছে, ওই ইউনিয়নের খন্দকিয়া গ্রামের ফকিরপাড়া এলাকার জালাল কোম্পানির বাড়ির এক ব্যক্তির মোবাইল চুরির অভিযোগে ওই যুবককে বড়দিঘীর পাড় এলাকা থেকে ধরে নিয়ে গিয়ে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। পরে দুপুরের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বক্তব্য
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আফরোজা খানম। তিনি বলেন, "মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে আমরা মৃত ঘোষণা করি।"
পুলিশের পদক্ষেপ
হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে মোবাইল চুরির অভিযোগে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



