রাজধানীর কদমতলী এলাকায় পূর্বশত্রুতার জেরে মারধরের শিকার হয়ে রাসেল (২৮) নামে এক যুবক মারা গেছেন। তিনি একটি রড তৈরির কারখানায় কাজ করতেন।
ঘটনার বিবরণ
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা দক্ষিণ রসূলপুর এলাকায়। বাবার নাম আব্দুল মালেক।
রাসেলের মা মাকসুদা বেগম জানান, সোমবার দিবাগত রাতে রাসেল আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখে কদমতলীর মুন্সিখোলা নদীর পাড় দিয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। তখন মো. হানিফসহ (৩০) আরও ২-৩ জন মিলে রড, কাঠ দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় রাসেলকে নদীর পাড়ে ফেলে রেখে যায় তারা।
উদ্ধার ও চিকিৎসা
স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে স্বজনরা ওই হাসপাতালে গিয়ে রাসেলকে দেখতে পান। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। মঙ্গলবার দিবাগত রাতে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হলে সেখানে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাকসুদা বেগম আরও জানান, হানিফের সঙ্গে তার ছেলে রাসেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। হত্যার উদ্দেশ্যেই তারা রাসেলকে মারধর করে নদীর পাড়ে ফেলে রেখেছিল।
আইনি ব্যবস্থা
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে। পুলিশ হানিফকে আটক করেছে বলে জানা গেছে।



