মাদারীপুরের শিবচরে জায়গা-জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ঘুসিতে আলতাফ মাদবর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত বারেক মাদবর পলাতক রয়েছেন।
ঘটনার বিবরণ
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগারোরশি (বাচ্চু মাদবরকান্দি) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ মাদবর ওই গ্রামের ইসলাম মাদবরের ছেলে। অভিযুক্ত বারেক মাদবর একই এলাকার মোসলেম মাদবরের ছেলে।
দীর্ঘদিনের বিরোধ
স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলতাফ মাদবরের সঙ্গে তার চাচাতো ভাই বারেক মাদবরের বিরোধ চলছিল। এর জেরে বুধবার বিকালে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়।
ঘুসির ঘটনা
একপর্যায়ে উত্তেজিত হয়ে বারেক মাদবর আলতাফ মাদবরের বুকে সজোরে ঘুসি মারেন। এতে আলতাফ মাদবর মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
পুলিশের ব্যবস্থা
খবর পেয়ে সন্ধ্যায় শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



