চট্টগ্রামের রাউজানে জমি বিরোধে হামলায় আহত যুবকের মৃত্যু
রাউজানে জমি বিরোধে হামলায় আহত যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাউজানে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত যুবকের নাম আবদুল মান্নান সওদাগর (৩৭)।

ঘটনার বিবরণ

গত বৃহস্পতিবার জমির বিরোধ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে তাঁর চাচাতো ভাই মুহাম্মদ শাহজাহান তাঁকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহত আবদুল মান্নান সওদাগর উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ কবির আহমেদের ছেলে। অভিযুক্ত যুবক মুহাম্মদ শাহজাহান একই এলাকার সালেহ আহমেদের ছেলে।

ঘটনার দিন যা ঘটেছিল

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানিপাথর বাজারে মান্নানের সঙ্গে জমিসংক্রান্ত বিষয় নিয়ে শাহজাহানের কথা–কাটাকাটি হয়। এরপর ঘটনাস্থলে থাকা একটি লাঠি দিয়ে মান্নানের মাথায় আঘাত করেন শাহজাহান। স্থানীয় বাসিন্দারা সেখান থেকে আবদুল মান্নানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে ওই দিন তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পরপরই পালিয়ে যান অভিযুক্ত শাহজাহান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মারামারির ঘটনায় আহত একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। তবে পরিবার থেকে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ